Header AD

বিএলওদের জেলে ভরার হুমকি! শুভেন্দুর ভিডিও পাঠিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল

এসআইআর শুরু হতে না হতেই বুথ লেভেল অফিসার বা বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিহারের উদাহরণ টেনে রাজ্যের বদলেভেল অফিসারদের হুমকি দিচ্ছেন শুভেন্দু, এই সংক্রান্ত একটি ভিডিও দেখিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে চিঠি দিয়েছেন শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কোনও সরকারি কর্মীকে এরপরে কেউ যাতে ভয় দেখাতে না পারে, তা নিয়েও পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে কমিশনে।
শুভেন্দুর মন্তব্য আগেই সমাজ মাধ্যমে পোস্ট করেছিল তৃণমূল। অরূপের চিঠির সঙ্গে সেই লিংক উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক কী বলেছিলেন শুভেন্দু? ওই ভিডিওতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছে, ‘ বিহারের ৫২ জন বি এল ও কিন্তু এখনও জামিন পাননি। আপনাদেরও কিন্তু জেলে যেতে হবে। জেলে যাওয়ার সব নথিপত্র আমরা জোগাড় করে দেব।’ এই প্রসঙ্গে অরূপ বলেছেন, ‘এসআইআর ঘোষণার পর শুভেন্দুর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। তা ভারতীয় ন্যায় সংহিতার ৩০১ ধারার আওতায় পড়ে।’
বিরোধী দলনেতার এই মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশকে এফ আই আরের নির্দেশ দিতে হবে বলে অরূপের লেখা ওই চিঠিতে আর্জি জানিয়েছে শাসক দল। নির্বাচনী আধিকারিকদের ভয় দেখালে আইন অনুযায়ী কি কি শাস্তি হতে পারে, তাও স্পষ্ট করার দাবি তুলেছে শাসকদল। এছাড়া বিএলও এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকদের রাজনৈতিক প্রতিপত্তি দেখিয়ে যাতে কেউ ভয় দেখাতে না পারে তা নিশ্চিত করার দাবিও তুলেছে তৃণমূল।