Header AD

ঝরনায় সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারাল তিন কিশোরী

Accdent at waterfalls

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) আলুরি সীতারামা রাজু জেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় মৃত্যু হল তিন কিশোরীর। ঝরনার সামনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় পা পিছলে তারা খরস্রোতে তলিয়ে যায় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, জাম্বাভালাসা গ্রামের পাঁচ কিশোরী উৎসবের ছুটিতে মুল্লুনগুম্মি ঝরনা দেখতে গিয়েছিল। ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা একের পর এক ছবি ও ভিডিও তুলতে থাকে। পরে তারা ঝরনার মাঝামাঝি একটি বড় পাথরের ওপর উঠে যায়। সেই সময় আচমকাই পা পিছলে তিন কিশোরী জলে পড়ে যায়।

ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এলেও প্রবল স্রোতের কারণে তাদের বাঁচানো সম্ভব হয়নি। পরে উদ্ধারকারী দল তিন কিশোরীর দেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর থেকেই ঝরনা এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, পর্যটনস্থলে আরও বেশি সতর্কবার্তা বোর্ড এবং নিয়মিত নজরদারি চালু করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।