Header AD

আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব, সুপ্রিম নির্দেশের পর বারাসতের জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

এস আই আর প্রক্রিয়ায় লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের বাদ যেওয়ার অভিযোগে প্রথম থেকেই সরব তৃণমূল। এবার তাদের দাবিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশনকে। সেই নির্দেশকে মা-মাটি-মানুষের সরকার তথা বাংলার মানুষের জয় বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বারাসতের রণসংকল্প সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিষেকের চ্যালেঞ্জ ” BJPর SIR-এর খেলা শেষ। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব”।

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে তৃণমূলের পক্ষ থেকে দায়ের করা এস আই আর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে এস আই আর প্রক্রিয়ায় লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশনকে। এই নির্দেশ প্রকাশের পরই বারাসতের রণসংকল্প সভা থেকে অভিষেকের দাবি, “এটাই তো আমরা চাইছিলাম। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে। ওরা বলেছিল করবে না। আমরা বলেছিলাম হিয়ারিং সেণ্টারে বিএলএ টু রা থাকুক। ওরা বলেছিল থাকবে না। আমরা বলেছিলাম হিয়ারিংয়ে জমা দেওয়া নথির রশিদ দিতে হবে। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকেই মান্যতা দিয়েছে। বিজেপির এস আই আর খেলা শেষ।” এরপরই অভিষেকের হুঙ্কার “এবার বলুক কার ক্ষমতা বেশি, বিজেপির জল্লাদদের, নাকি বাংলার সাধারণ মানুষের! আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব।”

এদিনের সভা থেকে অভিষেক বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, “হিয়ারিংয়ে কার নাম থাকছে, কেন ডাকা হচ্ছে, সব তথ্য দিয়ে তালিকা পঞ্চায়েতের অফিসে প্রকাশ করতে হবে। বিজেপি ভেবেছিল যারা তাদের ভোট দেয়নি তাদের নাম বাদ দিয়ে শাস্তি দেবে। আজকে সুপ্রিম কোর্ট ভোকাট্টা করে দিয়েছে। আমাদের মারতে গিয়ে এবার নিজেরাই মরবে।”

প্রসঙ্গত এদিনের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের সরব হন ডায়মণ্ড হারবারের সাংসদ। সভা থেকে তাঁর ঘোষণা কেন্দ্রের সাহায্য ছাড়াই আগামী এক মাসের মধ্যে ২০ লক্ষ মানুষের হাতে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা তুলে দেবে তৃণমূল সরকার। পাশাপাশি এদিনের সভা থেকে উত্তর ২৪ পরগনায় ৩৩-০ করার টার্গেট বেঁধে দেন অভিষেক ।