Header AD

প্রয়াত টলিউড পরিচালক অনীক দত্ত, ছাদ থেকে পড়ে মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

anik dutta death

বুধবার দুপুরে আচমকাই টলিউডে নেমে আসে শোকের ছায়া। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত (Anik Dutta) গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে। জানা যায়, বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। পরিবারঘনিষ্ঠ সূত্রের খবর, সেখানেই মৃত্যু হয়েছে পরিচালকের।

ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল রহস্য। ঠিক কীভাবে তিনি ছাদ থেকে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে গড়িয়াহাট থানার পুলিশ, সঙ্গে রয়েছে হোমিসাইড শাখার আধিকারিকরাও। ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে তদন্তে। পরিচালকের বাড়ির নীচে রক্তের দাগ ঘিরে রেখেছে পুলিশ।

জানা গিয়েছে, বিকেলে এসে এস কে এম হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হবে। মুম্বইয়ে থাকা তাঁর মেয়ে ঐশী দত্ত কলকাতায় ফিরলেই শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে বলে পরিবার সূত্রে খবর।

খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছে যান পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherji), অভিনেতা জিতু কমল (Jeetu Kamal), সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)-সহ টলিউডের একাধিক পরিচিত মুখ। প্রযোজক ফিরদৌসুল হাসান জানান, সরকারি নিয়ম মেনেই ময়নাতদন্ত করা হবে।

বাংলা সিনেমায় ব্যতিক্রমী চিন্তাভাবনা ও ব্যঙ্গাত্মক উপস্থাপনার জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক । তাঁর পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ (Bhooter Bhabishyat), ‘ মেঘনাদ বধ রহস্য’ ( Meghnadbodh Rohoshyo), ‘ ভবিষ্যতের ভূত ‘ (Bhobishyoter Bhoot), ‘অপরাজিত’ (Aparajito) এবং’ বরুণবাবুর বন্ধু’ (Borunbabur Bondhu) দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে ‘অপরাজিত’ ছবিকে ঘিরে তীব্র বিতর্কও তৈরি হয়েছিল।

মাত্র পাঁচ দিন আগেই নিজের জন্মদিন পালন করেছিলেন পরিচালক। বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। পরিচালনায় আসার আগে দীর্ঘদিন বিজ্ঞাপনের জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং বহু জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছিলেন। তাঁর শেষ ছবি ‘ যত কাণ্ড কলকাতাতেই’ (Joto Kando Kolkatatei) নিয়েও আলোচনা হয়েছিল চলচ্চিত্রমহলে।

অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে গভীর শোকের আবহ বাংলা চলচ্চিত্র জগতে।