Header AD

জলপাইগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা! ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা কন্টেনারে বাইকের ধাক্কা, মৃত ২ কলেজ পড়ুয়ার

শনিবার সকালে জলপাইগুড়ির আমবাড়ি হাতি মোড় রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কলেজ পড়ুয়ার। গুরুতর জখম অবস্থায় আরও এক যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের নাম কর্ণদেব মণ্ডল ও শুভাশিস ওরাঁও। দু’জনই একটি বেসরকারি কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। আহত যুবকের নাম দীপঙ্কর মজুমদার। তিনি বর্তমানে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে এলাকায় ঘন কুয়াশা ছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বড় কন্টেনার সময়মতো দেখতে না পেয়ে দ্রুতগতির বাইকটি সেটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।