হাওড়ার মঙ্গলাহাটে মর্মান্তিক ঘটনা! বহুতল থেকে পাইপ পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার ব্যবসার জিনিস বাড়ির ভিতরে রেখে বহুতলের বাইরে দাঁড়িয়েছিলেন দু’জন। সেখানে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন। সেইসময় বহুতলের উপর থেকে লোহার পাইপ নীচে পড়লে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। মুহূর্তে প্রাণ চলে যায় দুই ব্যক্তির। ঘটনার আকস্মিকতায় ভীত স্থানীয়রা । মৃত দু’জনের নাম শেখ ইরফান ও খোকন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার পুরসভার অধীনে মঙ্গলাহাট এলাকায় ট্রেড সেন্টারে। ওই এলাকাতেই প্রতি সপ্তাহে বসে মঙ্গলাহাট । সেই মতো এদিনও সকাল থেকে চলছিল হাটের কেনাবেচা। ওই হাটেই ব্যবসায়ী ও মুটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন শেখ ইরফান ও খোকন। বেলার দিকে ওই ট্রেড সেন্টারের গুদাম থেকে মালপত্র সরানোর কাজ করছিলেন দু’জন। হঠাৎই ১৩ তলা আবাসনের ছাদ থেকে লোহার পাইপ একদম শেখ ইরফান ও খোকনের মাথার উপর এসে পড়ে। রক্তাক্ত অবস্থায় দুজনই লুটিয়ে পড়েন রাস্তায়। ঘটনার আকস্মিকতায় ছুটোছুটি শুরু করেন স্থানীয়রা। দুজনকে উদ্ধার করে দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। জানা যায়,বহুতল ওই বাড়ির ছাদে কোনও নির্মাণের কাজ হচ্ছিল। কিন্তু কীভাবে উপর থেকে পাইপ নিচে পড়ে গেল? কোনও সতর্কতা মেনে কি কাজ হচ্ছিল না? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুই মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মাঘরিয়া। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে কোনও গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।





