Header AD

গয়ায় পিণ্ড দিয়ে ফেরার পথে সিঙ্গুরে মর্মান্তিক দুর্ঘটনা! একই পরিবারের মৃত ৪

Madhya Pradesh Road accident

প্রিয়জনের আত্মার শান্তির উদ্দেশ্যে গয়ায় পিণ্ডদান সেরে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হুগলির সিঙ্গুরে ছোট লরি ও ডাম্পারের সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের চারজন সদস্য। এই দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের বর্তমানে ওয়ালশ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডানকুনি এলাকা থেকে একটি পরিবার, তাঁদের আত্মীয়দের সঙ্গে নিয়ে মোট ১০ জন গিয়েছিলেন গয়ায় পিণ্ডদান করতে। শুক্রবার ভোরে একটি ছোট লরিতে করে ফেরার সময় বিপত্তি ঘটে। পথে লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় চালক-সহ মোট ১০ জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা পরীক্ষা করে চারজনকে মৃত বলে জানান।

আহতদের মধ্যে ছয় জনকে উদ্ধার করা হলেও, তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃতদের মধ্যে রয়েছেন পরিতোষ কীর্তনীয়া ও কাজল কীর্তনীয়া দম্পতি এবং তাঁদের দুই মেয়ে ৩৩ বছরের ফুলি মুখোপাধ্যায় ও ৩১ বছরের মিঠু বাগ। ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।