Header AD

তেলেঙ্গানায় মর্মান্তিক দুর্ঘটনা! সরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ১৬, আহত ১০  

আবারও দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকাল নাগাদ ভুল রাস্তা দিয়ে আসা ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে সরকারি বাসের। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।মৃত্যু হয়েছে প্রায় ১৬ জনের। সূত্রের খবর, ছাভেলা মণ্ডলের খানাপুর গেটের কাছেই সরকারি বাসটিতে ধাক্কা মারে ওই ট্রাক। অত্যন্ত দ্রুতগতিতে ভুল রাস্তা দিয়ে ট্রাকটি আসছিল। এই দুর্ঘটনায়  সাইবেরাবাদ কমিশনারেট এলাকার  বেশ কয়েকজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। সূত্রের খবর, বাসের ভাঙা টুকরো আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে । ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়। এছাড়াও জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত কাজ শুরু করেন। চিকিৎসার জন্য আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। প্রশাসন সূত্রে খবর আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। যদিও ওই রাস্তায় উদ্ধার কাজের জন্য যান চলাচল ব্যাহত হয় ।

এই দুর্ঘটনায় তেলেঙ্গানার পরিবহনমন্ত্রী পুন্নম প্রভাকর গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি  হতাহতদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন। এছাড়াও আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তেলেঙ্গানার পরিবহনমন্ত্রী। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভুল রাস্তা দিয়ে চলার কারণেই উল্টো দিক থেকে আসা বাসে ধাক্কা মারে ট্রাকটি বলেই প্রাথমিক ধারণা তদন্তকারীদের।