Header AD
Trending

পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু! বাঁকুড়ার জয়পুরে পথ অবরোধ

মর্মান্তিক ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুরে! উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিতে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু আর পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো হল না। পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক পরীক্ষার্থী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়, ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধও করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মৃত ছাত্রের নাম জুয়েল শেখ। তিনি জয়পুর থানার অন্তর্গত বিক্রমপুর গ্রামের বাসিন্দা এবং জুজুড় হাই স্কুলের ছাত্র ছিলেন। সোমবার সকালে ভূগোল পরীক্ষা দিতে জয়পুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, প্রসাদপুর স্কুল সংলগ্ন চৌমাথা মোড়ে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিনভ্যানের সঙ্গে তাঁর মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, ইঞ্জিনভ্যানটি অত্যন্ত বেপরোয়া গতিতে ছুটছিল।দুর্ঘটনায় গুরুতর জখম হন জুয়েল। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে ভিড় জমে যায়। একমাত্র ছেলের নিথর দেহ দেখে ভেঙে পড়েন মা-বাবা। শোকে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যেই রাজশোল মোড়ে বাঁশ ফেলে রাস্তা অবরোধ শুরু হয়। বিষ্ণুপুর-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধকারীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন ভারী ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের কথা থাকলেও প্রশাসন সে বিষয়ে উদাসীন ছিল। এত ব্যস্ত সময়ে বিদ্যুতের খুঁটি ও ভারী যন্ত্রাংশ বোঝাই ইঞ্জিনভ্যান কীভাবে রাস্তায় চলাচল করছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। জুজুড় হাই স্কুলের এক শিক্ষক জানান, পরীক্ষা কেন্দ্র কমিটির বৈঠকে বারবার ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছিল এবং পুলিশকেও অনুরোধ করা হয়েছিল।

খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।