পিকনিকের আনন্দঘন দিন যে এমন হৃদয়বিদারক পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। উত্তরপাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর (৩২)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, সরবজিৎ কৌর শ্রীরামপুরের একটি আবাসনে থাকতেন এবং সেখানকারই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। বুধবার ওই স্কুলের অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে চন্দননগরের একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন তিনি। সারাদিন আনন্দে কাটিয়ে ফেরার সময়ই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।
সহকর্মী এক শিক্ষিকা জানান, পিকনিক শেষে ফেরার পথে সরবজিৎ উত্তরপাড়ায় নামেন, কারণ সেখানেই তাঁর পড়ানোর দায়িত্ব ছিল। স্টেশন থেকে বেরিয়ে রেললাইন পার হওয়ার সময় আচমকাই একটি ট্রেন এসে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে তিনটি লাইনে একসঙ্গে ট্রেন চলাচল করছিল। দুই নম্বর লাইনে থ্রু ট্রেনের ঘোষণাও হয়েছিল। তার মধ্যেই লাইন পার হওয়ার চেষ্টা করায় দুর্ঘটনাটি ঘটে। প্রবল ধাক্কায় ছিটকে পড়ে যান সরবজিৎ কৌর এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর রেলগেটে আরপিএফ মোতায়েন করা হয়েছে এবং রেললাইনের উপর দিয়ে চলাচলের ক্ষেত্রে কড়া নজরদারি শুরু হয়েছে।





