আহমেদাবাদে (Ahmedabad Incident) ধোসা খাওয়ার পর এক ভয়াবহ ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে এবং তাঁদের বাবা-মা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল পরিবারের কর্তা বিমল স্থানীয় একটি দোকান থেকে ধোসা তৈরির ব্যাটার কিনে আনেন। সেদিন রাতেই সেই ব্যাটার দিয়ে ধোসা বানানো হয় এবং বিমল, তাঁর স্ত্রী ভাবনা ও তাঁদের দুই কন্যা তা খেয়ে নেন।
পরদিন সকাল থেকেই চারজনেরই বমি শুরু হয়। ধীরে ধীরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার মাঝেই ৩ এপ্রিল এক শিশুর মৃত্যু হয় এবং এরপর ৫ এপ্রিল আরও এক শিশু প্রাণ হারায়। বর্তমানে বিমল ও ভাবনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, যে দোকান থেকে ব্যাটার কেনা হয়েছিল, সেই দোকানের মালিক ঘনশ্যাম শাহ দাবি করেছেন, প্রতিদিন বহু মানুষ তাঁর দোকান থেকে ব্যাটার কিনে থাকেন । এ ধরনের কোনও অভিযোগ আগে আসেনি বলেও দাবি করেছেন তিনি। ঘটনার দিনও প্রায় ১০০ কেজি ব্যাটার বিক্রি হলেও অন্য কারও কোনও অসুস্থতার খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।





