বাংলায় শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর(SIR)। চলছে তার প্রস্তুতি পর্ব। ঠিক কীভাবে হবে এস আই আর, ভোটারদের বাড়ি ঘুরে ঘুরে কি কি কাজ করতে হবে, এসব বিস্তারিত জানাতে ব্লক লেভেল অফিসার বা বি এল ওদের(Block level officer) সেই সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হয়েছে রাজ্যে। আগামী ৩ নভেম্বর সোমবার পর্যন্ত কলকাতার একাধিক জায়গায় চলবে এই প্রশিক্ষণ শিবির। মঙ্গলবার থেকেই ভোটারদের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলওরা। এদিন নজরুল মঞ্চে প্রশিক্ষণ শিবিরে বিক্ষোভ দেখালেন খোদ বি এল ও-রাই। “স্কুলের দায়িত্ব সামলে কোনওভাবেই SIR-এর কাজ করা সম্ভব নয় “-এই দাবিতে বিক্ষোভ দেখান বি এল ও- রা।
গত সোমবার বাংলা এস আই আর করার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকে দফায় দফায় প্রশিক্ষণের কাজ ও বৈঠক চলছে। প্রথমে সিইও দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকদের। এরপর আরো নানা ধাপ পেরিয়ে এবার বিলওদের প্রশিক্ষণ পর্যায় চলছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রশিক্ষণ শেষে মঙ্গলবার ৪ নভেম্বর থেকেই এমুনারাশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তাদের সাহায্যকারী হিসেবে থাকবেন বিএল এ ১ এবং বিএলএ ২ এজেন্টরা। রাজ্যের বাইরে থাকলে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে কোন অভিযোগ থাকলে তা জানাতে হবে ৮ জানুয়ারির মধ্যে। ৩১ জানুয়ারির মধ্যে সব অভিযোগ খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি।





