Header AD

এসআইআর বিতর্কে কমিশনের বিরুদ্ধে তৃণমূলের তোপ! ৬ মার্চ ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIRinBengal) প্রক্রিয়া শেষে প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, আগামী ৬ মার্চ কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না-অবস্থানে বসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, এসআইআর শেষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, আর বিচারাধীন বা অ্যাজুডিকেশন অবস্থায় রয়েছে আরও ৬০ লক্ষের বেশি নাম। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ১ কোটি ২৪ লক্ষ, যা নিয়ে তৃণমূলের তীব্র আপত্তি।অভিষেকের অভিযোগ, এই বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার বিষয়টি কোনওভাবেই কাকতালীয় নয়। সাংবাদিক বৈঠকে তিনি বিজেপি নেতাদের আগের বক্তব্যের ভিডিও দেখিয়ে দাবি করেন, আগেভাগেই কত ভোটারের নাম বাদ পড়বে, তা কার্যত নির্ধারিত ছিল। তাঁর বক্তব্য, “টার্গেট অনেক আগে ঠিক করা হয়েছিল। সেই অনুযায়ীই চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে।” এই প্রসঙ্গে তিনি সরাসরি ভারতের নির্বাচন কমিশন-এর (Election Commission of India) নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।তৃণমূলের দাবি অনুযায়ী, গত ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় তা আরও বেড়ে যায়। পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেখানে সীমিত সংখ্যক নাম যাচাইয়ের আওতায় থাকার কথা, সেখানে কীভাবে সেই সংখ্যা হঠাৎ করে কয়েক গুণ বেড়ে গেল, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।দলের অভিযোগ, এসআইআর-এর নামে প্রশাসনিক গাফিলতি ও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের ফলে বহু বৈধ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।তৃণমূলের তরফে জানানো হয়েছে, ৬ মার্চের ধর্না হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে বাদ পড়া ভোটারদের নাম তালিকায় ফের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে। পাশাপাশি, ওই দিনই ভবিষ্যতের আরও বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।