Header AD

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, বিরোধী ঐক্যের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, বিজেপির ইশারায় কাজ করে তিনি নির্বাচন ব্যবস্থাকে কার্যত প্রশ্নের মুখে ফেলেছেন। এই ইস্যুতে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে বিরোধীদের একজোট করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দিল্লির সাউথ এভিনিউয়ে সংসদীয় দলের সঙ্গে বৈঠকে নেত্রী জানান, বাংলায় এসআইআর (SIR)-এর নামে যেভাবে নির্বাচন কমিশন অরাজকতা চালাচ্ছে, তা গণতন্ত্রের পরিপন্থী। এই ঘটনার বিরুদ্ধে প্রথম থেকেই তীব্র প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে দিল্লি—দু’জায়গাতেই আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে।

নেত্রীর নির্দেশের পর দলীয় আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “জাতীয় নির্বাচন কমিশনার যেভাবে বিজেপির কথামতো কাজ করছেন এবং বাংলায় যে প্রক্রিয়া চালানো হচ্ছে, তাতে সাধারণ মানুষের ও গণতন্ত্রের বড় ক্ষতি হচ্ছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই এগোব।”

তৃণমূলের এই পদক্ষেপ শুধুমাত্র রাজ্য রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।