Header AD

নববর্ষে উত্তরবঙ্গে তৃণমূল সুপ্রিমো! গৌতম দেবের সমর্থনে পদযাত্রা

cm rally

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে চলছে প্রচার। উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে শেষ মুহূর্তে প্রচারে গতি আনতে এবার নববর্ষে শিলিগুড়িতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবছর বাংলা নববর্ষের দিনটি তিনি শিলিগুড়িতেই কাটাবেন এবং দলীয় প্রার্থী গৌতম দেবের (Gautam Deb)-এর সমর্থনে পদযাত্রায় অংশ নেবেন।

প্রতিটি নির্বাচনের মতো এবারও শিলিগুড়িতে মমতার সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে। জেলা তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, মাল্লাগুড়ি থেকে হাসমিচক কিংবা বাঘাযতীন পার্ক—এই রুটের মধ্যেই কোথাও পদযাত্রা হতে পারে, যদিও নির্দিষ্ট সূচি এখনও চূড়ান্ত হয়নি।

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে গৌতম দেব জানিয়েছেন, সাধারণত নববর্ষের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কর্মসূচিতে অংশ নেন না। কিন্তু এবছর তিনি শিলিগুড়িতে প্রচারের জন্য এই দিনটি বেছে নেওয়ায় কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। তাঁর কথায়, “দিদি আসা মানেই আমাদের কাছে নতুন শক্তি পাওয়া। তাঁর সভা শোনার জন্য আমরা সবসময় অপেক্ষায় থাকি। এবার এই আসন জিতে তাঁকে উপহার দিতে চাই।”

উল্লেখযোগ্যভাবে, এর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শিলিগুড়িতে জনসভা করে গিয়েছেন, যার পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা আরও বেড়েছে। এখন সকলের নজর মমতার সফরের দিকেই।