ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে মনু নদীর উপর নির্মীয়মাণ একটি সেতুর বড় অংশ (Bridge Collapsed) আচমকাই ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোনাইমুড়ি এলাকায় প্রায় ১৪০ মিটার দীর্ঘ এই আরসিসি সেতুর কাজ চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ৩৫ মিটার স্প্যানের সুপারস্ট্রাকচার ঢালাইয়ের সময় মাঝনদীতে ভেঙে পড়ে সেতুর একটি অংশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজের ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে। তাঁদের দাবি, নির্মাণে গাফিলতি ও দুর্নীতির ফলেই এমন ঘটনা ঘটেছে।
যদিও পূর্ত দপ্তরের তরফে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। কুমারঘাট পূর্ত বিভাগের আধিকারিক রতিরঞ্জন দেবনাথ জানিয়েছেন, আগাম বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যায় এবং মাটির ভারবহন ক্ষমতা কমে যায়। ফলে অস্থায়ী স্টেজিং কাঠামো চাপ সহ্য করতে না পেরে ভেঙে যায়। তিনি আরও দাবি করেন, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়নি এবং ঠিকাদার সংস্থা নিজেদের খরচে পুনর্নির্মাণ করবে।
প্রসঙ্গত, প্রায় ৬ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২১ সালে, যদিও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল আগেই বামফ্রন্ট সরকারের আমলে ২০১৭ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সরব হন। তিনি অভিযোগ করেন, সরকারি মহল থেকে ঠিকাদারদের কাছ থেকে কমিশন বা ‘কাটমানি’ নেওয়ার ফলে কাজের মান খারাপ হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সুরে সরব হয়েছে সিপিএমও। বাম নেতা সুব্রত দাস এই ঘটনাকে দুর্নীতির ফল বলে দাবি করে নির্মাণের মান নিয়ে প্রশ্ন তোলেন। স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বাড়ছে, এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে।
সেতু ধসের ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।





