Header AD

বিজয়–রশ্মিকার বিয়ে নিয়ে জোর চর্চা, রিসেপশনের আমন্ত্রণপত্র ভাইরাল

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা যুগল বিজয় দেবারাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এমনটাই খবর। যদিও বিয়ের স্থান এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সিনে দুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে একটি ডেস্টিনেশন ওয়েডিংয়ের মাধ্যমে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা জুটি।

আগামী ৩ মার্চ হায়দরাবাদে হবে নবদম্পতির জাঁকজমক পূর্ণ  অনুষ্ঠান। ইতিমধ্যেই সেই রিসেপশনের আমন্ত্রণপত্র সমাজমাধ্যমে ভাইরাল। আমন্ত্রণপত্রে দম্পতির একসঙ্গে পথচলার কথা এবং সেই যাত্রার অংশ হওয়ার আমন্ত্রণ জানানো হয়স্থা আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠান। সেখানে লেখা—“আমাদের মিলন উদযাপন এবং স্মৃতি তৈরির এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে, যারা আমাদের যাত্রার অংশ ছিলেন তাদের সঙ্গে এই মুহূর্ত উদযাপন করা আমাদের জন্য সত্যিই অর্থবহ। আপনাদের উপস্থিতি ও আশীর্বাদ এই মুহূর্তকে আরও বিশেষ করে তুলবে।”

রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। জানা যায়, গত বছরের অক্টোবরে হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের বাগদান হয়েছিল। যদিও এই বিষয়ে তাঁরা কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থেকে বা নীরব সমর্থনের মাধ্যমে সেই গুঞ্জন উসকে দিয়েছেন। রশ্মিকার ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সাফল্য অনুষ্ঠানে বিজয়কে তাঁর পাশে দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে রশ্মিকার হাতে চুম্বন করতে দেখা যায় বিজয়কে। বলাই বাহুল্য, সেই ভাইরাল ভিডিও ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

এই জুটির প্রথম পরিচয় ২০১৮ সালের তেলেগু সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’-এর সেটে। ছবিটির সাফল্যের সঙ্গে সঙ্গে তাঁদের অন-স্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করে নেয়। পরবর্তীতে ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে আবার একসঙ্গে কাজ করেন তাঁরা। সেই সময় থেকেই বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা আরও তীব্র হয়।

একই জায়গায় ছুটি কাটানো, উৎসব উদযাপন, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট—সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই এই তারকা জুটির দিকে ভক্তদের নজরে ছিল। এবার বিয়ের খবর এবং রিসেপশনের আমন্ত্রণপত্র সামনে আসতেই সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়ল বলেই মনে করছে অনুরাগীরা।