পুরাণ মতে বিশ্বকর্মা স্থাপত্য ও শিল্পের সৃষ্টিকর্তা দেবতা হিসেবে বর্ণিত। এই পুজো উপলক্ষে রাজ্যের সর্বত্র অফিস, শিল্প, কারখানা সহ বিভিন্ন জায়গায় চলছে বিশ্বকর্মার আরাধনা। বাংলার শিল্পাঞ্চল জুড়ে আজ উৎসবের আমেজ। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। ইতিপূর্বে অর্থ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে ১৭ সেপ্টেম্বর, বুধবার ছুটি থাকবে। এতদিন বিশ্বকর্মা পুজোয় সরকারিভাবে সার্বিক ছুটি থাকত না। কিন্তু এবার থেকে ওই দিন সব সরকারি, সরকার অধিগৃহীত, পুরসভা, সরকার পোষিত, পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসন, স্বশাসিত সংস্থা, নিগম-পর্ষদ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মর্মে বুধবার , নিজের এক্স হ্যান্ডেলে সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ”সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।”





