আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার নারায়ণগড়ের বেলদায় জনসভা করে বিজেপিকে ‘জব্দ করার’ ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেন, “এবারের ভোটে বিজেপিকে জব্দ করতে হবে। ” পাশাপাশি সাপ্লিমেন্টরি তালিকা নিয়ে তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সভা থেকে তিনি বললেন ‘‘ওরা বলছে চারটে তালিকা নাকি বেরিয়ে গিয়েছে। একটাও চোখে দেখতে পাইনি। সব চক্রান্ত চলছে।’’
সভা থেকে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে তাঁর হুঙ্কার “ভোটকাটারি, স্বৈরাচারী, দুরাচারীদের জব্দ করতে হবে। মারের বদলে মার নয়। শান্তিতে থাকতে চাইলে, নিজের সম্মান বাঁচিয়ে থাকতে চাইলে , মা- বোনেদের ভোটটা দিতেই হবে। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহ যোদ্ধা। আপনাদের সঙ্গে ছিলাম, আছে, থাকব। সম্মানের সঙ্গে বাঁচব।” সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন “যদি বাংলাকে বাঁচাতে চান, নিজেদের অস্তিত্ব বাঁচাতে চান তাহলে ভোটটা তৃণমূলকেই দেবেন।”
এসআইআর প্রক্রিয়া নিয়েও এদিন কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) ও কমিশনকে (Election Commission Of India)একযোগে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে কেন্দ্রকে বিঁধে তিনি গর্জে ওঠেন, ‘‘আমার নিজের আধার কার্ড করতেও চার ঘণ্টা সময় লেগেছে। আর এখন বলছে, নো পাপা! যাদের কাছ থেকে আধার কার্ডের জন্য টাকা নিয়েছে, ফেরত দিতে হবে। আগে নোটবন্দির জন্য লাইন দিতে হয়েছে। এখন ভোটবন্দির জন্য। এসআইআর মানেই সর্বনাশ। বিজেপির জেতার কোনও সম্ভাবনা নেই। চক্রান্ত হচ্ছে।’’এরপরই তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, “মানুষকে লাইনে দাঁড় করিয়েছ মানুষ এর জবাব দেবে।”
উল্লেখ্য কয়েকদিন আগে কলকাতায় এসে তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেন কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পাঁশকুড়ায় এদিনের সভা থেকে অমিত শাহর চার্জশিটের বিরুদ্ধে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘প্রথম চার্জশিট তো মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত। ওঁরা অশান্তি লাগিয়ে ক্ষমতায় এসেছেন।’’ভোটের মুখে কমিশনের অঙ্গুলিহেলনে রাজ্যে ব্যাপক প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি গর্জে ওঠেন। বলেন, ‘‘প্রশাসনে ভাগাভাগি আগে কোনও দিন ছিল না। ভাল ভাল অফিসারদের সরিয়ে দিচ্ছে, যারা কাজ করত।’’





