Header AD
Trending

ব্রিগেডে নয়া সরকারের শপথে ভিভিআইপি সমাবেশ, নজরদারিতে ড্রোন-স্পেশাল ফোর্স-৪ হাজার পুলিশ

BJP Sworn Ceremony

আগামী ৯ মে, পঁচিশে বৈশাখের দিন ব্রিগেডে (Brigade Parade Ground) অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তৎপরতা এখন তুঙ্গে। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-সহ দেশের একাধিক শীর্ষ নেতা ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উচ্চপর্যায়ের অতিথিদের সম্ভাব্য উপস্থিতির কথা মাথায় রেখে গোটা শহরকেই কার্যত কঠোর নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। প্রায় ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন অনুষ্ঠানের নিরাপত্তায়। ব্রিগেড এবং সংলগ্ন ময়দান চত্বরকে একাধিক নিরাপত্তা বলয়ে ভাগ করে নজরদারির পরিকল্পনা করেছে পুলিশ।

নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকিতে থাকবেন পুলিশ কমিশনার অজয় নন্দা (Ajay Nanda)। তাঁর পাশাপাশি কলকাতা পুলিশের (Kolkata Police) অতিরিক্ত সিপি, যুগ্ম সিপি এবং বিভিন্ন বিভাগের ডিসি পদমর্যাদার আধিকারিকরাও দায়িত্ব সামলাবেন। প্রতিটি সেক্টরের জন্য আলাদা করে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে কোথাও নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আশপাশের বহুতল ভবন থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আকাশপথেও কড়া পর্যবেক্ষণ চলবে। রাস্তায় মোতায়েন থাকবে ‘কুইক রেসপন্স টিম’। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও নিরাপত্তা বলয়ে থাকবেন। সব মিলিয়ে, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে শনিবার শহরজুড়ে থাকবে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।