Header AD
Trending

গঙ্গাবক্ষে আসছে ‘ওয়াটার মেট্রো’: জলপথে যাতায়াতে নতুন দিগন্তের প্রস্তুতি

দেশে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চলেছে কলকাতাতেই। প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এবার সেই সাফল্যের পথ ধরে জলপথ পরিবহণেও বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। গঙ্গাবক্ষে চালু হতে চলেছে ‘ওয়াটার মেট্রো’, যা কলকাতার পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই প্রকল্পে প্রাথমিক সবুজ সংকেত মিলেছে।

আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কোচির ওয়াটার মেট্রোর এক প্রতিনিধি দল। তারা পুরো প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও প্রযুক্তিগত দিকগুলি নিয়ে একটি প্রেজেন্টেশন দেবেন। রাজ্য সরকারের তরফ থেকেও সম্ভাব্য পরিকল্পনা ও প্রস্তাব তুলে ধরা হবে।

এই প্রকল্পে অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহারের ভাবনা রয়েছে, ঠিক যেমনটি চালু রয়েছে কোচি ওয়াটার মেট্রো (Kochi Water Metro)-তে। পরিবেশবান্ধব এই নৌযানগুলি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ব্যাটারি ও ডিজেল জেনারেটরের সমন্বিত প্রযুক্তিতে চলে। ফলে এর মাধ্যমে দ্রুত, আরামদায়ক এবং দূষণমুক্ত যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিষেবা চালু হলে শহরের সড়কপথে যানজট অনেকটাই কমতে পারে।

উল্লেখ্য, বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় ইতিমধ্যেই গঙ্গাপাড়ের উন্নয়নের কাজ এগিয়েছে। প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে নামানো হচ্ছে ১৩টি ই-ভেসেল। পাশাপাশি আরও ২২টি ভেসেল প্রস্তুত রয়েছে, যা শীঘ্রই গঙ্গায় নামবে। যাত্রীসুবিধার জন্য বসানো হয়েছে স্মার্ট কার্ড গেটও। ফলে জলপরিবহণকে ঢেলে সাজানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

প্রসঙ্গত, ভারতের প্রথম এবং এশিয়ার বৃহত্তম সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা হিসেবে পরিচিত কোচি ওয়াটার মেট্রো (Kochi Water Metro) কেরলের কোচি শহরের ১০টি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। সেই মডেল অনুসরণ করেই কলকাতায় জলপথে আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার ভাবনা চলছে।

তবে নবান্নের এক কর্তার কথায়, প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের বৈঠকের পরই প্রকল্পের রূপরেখা, ব্যয় এবং প্রযুক্তিগত দিকগুলি আরও স্পষ্ট হবে। তবে একথা বলাই যায়, গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা সফল হলে কলকাতার পরিবহণ মানচিত্রে যুক্ত হবে এক নতুন ও পরিবেশবান্ধব অধ্যায়।