Header AD
Trending

‘কংগ্রেসে মিশছি না, আমরাই আসল তৃণমূল!’ বিদ্রোহী শিবিরে ৬৪ বিধায়ক, দাবি ঋতব্রতের

tmc rito

তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন ক্রমশই তীব্র হচ্ছে। বুধবার বিধানসভার বাইরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দলের ‘বিদ্রোহী’ শিবিরে বিধায়কদের সংখ্যা আরও বেড়েছে। তাঁর কথায়, আগে যেখানে এই সংখ্যা ৫৮ ছিল, বর্তমানে তা বেড়ে ৬৪-তে পৌঁছেছে এবং আগামী দিনে আরও বাড়তে পারে।

ঋতব্রতের দাবি, শুধু রাজ্যের পরিষদীয় দলেই নয়, তৃণমূলের সংসদীয় দলেও অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। তৃণমূলে এই ভাঙনের মাঝেই দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নৈকট্য বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শীর্ষ নেতৃত্বের সঙ্গে হয়েছে একাধিক বৈঠক। এর মাঝেই মমতার কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গোটা পরিস্থিতির প্রেক্ষিতে তিনি দাবি করেন,” আমরাই আসল তৃণমূল, আমরা কংগ্রেসে মিশছি না।”

তাঁর বক্তব্য অনুযায়ী, লোকসভায় কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ-তে যোগদানের ইচ্ছা প্রকাশ করে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। পাশাপাশি রাজ্যসভা থেকে সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেবের পদত্যাগও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠককে ঘিরে জল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দিতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়েছে।

তবে এই সমস্ত জল্পনার মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “আমরাই তৃণমূল। আমরা কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছি না।”তাঁর মতে, দলের ভিতরে যে ভাঙন শুরু হয়েছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, বিদ্রোহী শিবিরে আরও সাংসদের নাম জড়ানোর সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, মালা রায় ও সায়নী ঘোষও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নাম লেখাতে পারেন। যদিও সম্প্রতি পুনর্গঠিত তৃণমূলের বিভিন্ন কমিটিতে তাঁদের রাখা হয়েছিল।এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা নিয়েও কটাক্ষ করেন ঋতব্রত। তাঁর মন্তব্য, “অভিষেকের সং আছে, গঠন নেই।”

সব মিলিয়ে তৃণমূলের অন্দরের এই টানাপোড়েন রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই ভাঙন কতদূর গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।