Header AD
Trending

‘মমতা যেখানে জনতা সেখানে!’ ২১-এর সভায় অভিষেকের দাবি, “বেইমানদের কাউকে ফেরত নেবেন না”

ab jagatballavpur

ভোটের প্রচারে গিয়ে একের পর এক উসকানিমূলক মন্তব্যের কারণে একাধিক মামলায় জর্জরিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্ট থেকে তদন্তকারী সংস্থার অফিস-  সর্বত্র হাজিরা দিতে দিতে কার্যত নাজেহাল দশা ডায়মন্ড হারবারের সাংসদের। তা সত্ত্বেও একটুও দমেননি তিনি। মঙ্গলবার কালীঘাট তৃণমূলের ২১এ জুলাইয়ের স্মরণ সভাতে ফের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে প্রচ্ছন্ন হুমকি! তারামণ্ডলের কাছে শহিদ দিবসের সভা করেছে ‘কালীঘাট’ তৃণমূল। সেই মঞ্চ থেকেই বিরোধীদের ‘সুদ সমেত ফেরত’ দেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, “মিথ্যা মামলা দিলে ডায়েরিতে লিখে রাখুন, সুদ-সমেত ফেরত দেব। যারা যে ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব।” শুধু তাই নয়, ঋতব্রত তৃণমূলকেও এদিন কড়া ভাষায় আক্রমণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এদিন গান্ধীমূর্তির পাদদেশে ২১ জুলাইয়ের সভা করছেন  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেই সভাকে কটাক্ষ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ মেয়ো রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময় এর থেকে বেশি লোক হয়।” এরপরই কটাক্ষ করে সাংসদের প্রশ্ন, “কর্মী কোথায়? জনতা কোথায়? কিন্তু মমতা যেখানে, জনতা সেখানে। তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যদি ভাবে গদ্দারি, বেইমানি করে দলকে দুর্বল করবে, তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে।”

তিনি আরো বলেন, “এদের মেরুদণ্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, এদের কাউকে ফেরত নেবেন না।“ কর্মীদের উদ্দেশে বলেন, “এদের বালিশ চাটা বলে ডাকবেন। ছোট করে বিসি বললেই হবে।“

এরপরই শাসকদল বিজেপিকে আক্রমণ করে ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, “ওরা ভয় পাচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।” এমনকী তাঁর বিরুদ্ধেও একাধিক মামলা দেওয়া হয়েছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বলেন, “এত মামলা দিয়েছে আমার উপর, একদিকে ইডি, সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, সিআইডি, এসটিএফ। কিন্তু এরপরও মুখ থেকে জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় বের হবে।”

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা,  “যাঁদের মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, তাঁদের বলব ধৈর্য্য ধরুন। আর নোটবুকে সবটা তুলে রাখবেন। আমরা ঠিক সময় সব ফেরত নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে।”