Header AD
Trending

গ্রিনল্যান্ড ইস্যুতে হঠাৎ নরম ট্রাম্প, ইউরোপের উপর শুল্ক স্থগিত কেন?

গ্রিনল্যান্ডকে (Greenland) কেন্দ্র করে ইউরোপের একাধিক দেশের সঙ্গে টানাপোড়েনের আবহে আচমকাই অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ডেনমার্ক-সহ আটটি ইউরোপীয় দেশের পণ্যের উপর যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করা হয়েছিল, তা আপাতত কার্যকর হচ্ছে না বলে জানালেন তিনি। বুধবার সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ট্রাম্প। এরপর নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং গ্রিনল্যান্ডকে ঘিরে একটি বৃহত্তর চুক্তির পথে দুই পক্ষই একমত।

ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী, এই সম্ভাব্য চুক্তি শুধু গ্রিনল্যান্ড নয়, পুরো আর্কটিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করবে। যদিও চুক্তির ধরন, সময়সীমা বা অগ্রগতি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। কূটনৈতিক সূত্রের খবর, ওই বৈঠকে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব, নিরাপত্তা ও ভবিষ্যৎ ভূরাজনীতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

দাভোসে বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, তিনি চান গ্রিনল্যান্ড আমেরিকার নিয়ন্ত্রণে আসুক। পৃথিবীর বৃহত্তম দ্বীপটির পূর্ণ অধিকার, মালিকানা ও নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকুক।  তবে এই লক্ষ্যে পৌছতে সামরিক অভিযান করা হবে না বলেই জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আমেরিকার সম্প্রসারণমূলক নীতিতে ন্যাটোর বাধা দেওয়া উচিত নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ইউরোপকে রক্ষা করতে আমেরিকা অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছে। সেই তুলনায় গ্রিনল্যান্ড নিয়ে এই দাবি খুব বড় নয়।

উল্লেখ্য, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধের জেরে কিছুদিন আগেই ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড ও ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে সেই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।