Header AD
Trending

মহারাষ্ট্রে কেন হিন্দিতে কথা বলব! পুরভোট দিতে গিয়ে ভাষা বিতর্কে জড়ালেন আমির খান

সম্প্রতি মহারাষ্ট্রে ভাষা বিতর্কে জড়ালেন বলিউড তারকা আমির খান (Amir Khan)। হিন্দি আগ্রাসন নিয়ে বহুদিন ধরেই সরব দেশের দক্ষিণ রাজ্যগুলি। এবার মহারাষ্ট্রেও একই বিতর্ক মাথা চাড়া দিয়েছে। বৃহন্মুম্বই পুরসভা ভোটে (BMC) জিততে শিবসেনার অন্যতম স্ট্র্যাটেজি মারাঠি অস্মিতা। পুরসভা ভোট দিতে এসে ঠাকরেদের দেখানো পথে হেঁটে ভাষা বিতর্কে জড়ালেন মিস্টার পারফেকশনিস্ট। হিন্দি সিনে ইন্ডাস্ট্রির খান সাম্রাজ্যের অন্যতম প্রতিনিধি সাংবাদিকদের ক্যামেরার সামনে হিন্দিভাষায় কথা বলতে নারাজ! আর তাতেই বিতর্কের ঝড়।

বৃহস্পতিবার ছিল মহারাষ্ট্রের সবথেকে বড় পুর নির্বাচন। গত নির্বাচনে হারের ধাক্কা সামলে বিএমসির সিংহাসনকে  ‘পাখির চোখ’ করেছিল শিবসেনা। সেই আবহেই পুরনো মান-অভিমান ভুলে ২০ বছর পর একজোট হয়েছিলেন দুই ঠাকরে ভাই রাজ ও উদ্ধব। এই নির্বাচনী লড়াইয়ে অন্যতম ইস্যু হয়ে উঠেছিল মারাঠি অস্মিতা। ভোটের মুখে সাম্প্রতিক সভাগুলিতে বারবার মারাঠি অস্মিতায় শান দেওয়ার জন্য সুর চড়িয়েছিলেন  তাঁরা। এবার ভোট দিতে গিয়ে মারাঠি অস্মিতায় শান দিয়ে ভাষা বিতর্কে জড়ালেন আমিরও।

গত বছর ছবিতে অভিনয়ের প্রয়োজনে শিক্ষক রেখে মারাঠি ভাষা শিখেছিলেন আমির। তবে প্রশ্ন তখনই উঠেছিল যে, মারাঠি ভাষা না জানলে কি মহারাষ্ট্রে থাকা সমস্যা হবে! সেইজন্যই কি তড়িঘড়ি বাড়িতে গৃহশিক্ষক রেখে মারাঠি শিখেছিলেন আমির! এতদিন পরে আবার সেই বিতর্কের মুখে অভিনেতা। ভোটকেন্দ্র থেকে বেরনোর সময়ে বলিউড তারকাকে রীতিমতো ছেঁকে ধরেন সাংবাদিকরা। সেখানেই মারাঠি ভাষায় আমজনতাকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছিলেন তিনি। তবে সাংবাদিক যখন বলেন- “হিন্দিতে বলুন, আপনার ভিডিওটা দিল্লিতেও সম্প্রচার হবে”, তখন সেকথা শুনে আমির বলেন- “হিন্দি ভাষায়? এটা মহারাষ্ট্র, ভাই।”

যদিও পরে তিনি আলাদা করে হিন্দিতে বক্তব্য দেন। তবে চলতি হিন্দি বনাম মারাঠি ভাষা বিতর্কের আবহে আমিরের এহেন প্রতিক্রিয়া আগুনের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও শেষমেশ মুম্বই পুরভোটে হার মানতে হয়েছে ঠাকরেদের।