Header AD
Trending

মমতার কংগ্রেসে যোগদান নিয়ে কি আজই চূড়ান্ত সিদ্ধান্ত? দিল্লিতে কংগ্রেসের জরুরি বৈঠক ঘিরে জোর জল্পনা

Mamata Congress Join

রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্ভাব্য কংগ্রেস-যোগ। বৃহস্পতিবার হঠাৎ করেই নয়াদিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস নেতৃত্ব। দেশের সব প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এত অল্প সময়ের নোটিশে দলের শীর্ষ নেতৃত্বের এমন বৈঠক ডাকা অত্যন্ত বিরল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অস্থিরতা বাড়ার পাশাপাশি কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)ঘনিষ্ঠতা বেড়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মঙ্গলবার দিল্লিতে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরদিনই রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। প্রায় দেড় ঘণ্টার সেই বৈঠক ঘিরেও নানা জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের (TMC) ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে দুই দলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দিতে পারেন অথবা তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে একীভূত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এমনও শোনা যাচ্ছে, কংগ্রেসের তরফে মমতাকে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যও সর্বভারতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকার আলোচনা হয়েছে বলে দাবি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত জল্পনাকে গুরুত্ব দেওয়া হয়নি।

এর মধ্যেই বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের ডাকা জরুরি বৈঠককে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। সাধারণত জাতীয় রাজনীতিতে বড় কোনও সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এলে এই ধরনের বৈঠক ডাকা হয়। কিন্তু কয়েক ঘণ্টার নোটিশে এমন বৈঠক হওয়ায় অনেকেই মনে করছেন, দলের শীর্ষ নেতৃত্ব হয়তো কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে চলেছে।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও দিল্লির বৈঠকে যোগ দিতে রওনা হচ্ছেন বলে জানা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই বৈঠকেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কংগ্রেসের অবস্থান স্পষ্ট হবে? নাকি ইতিমধ্যেই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কেবল দলের নেতাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে? আপাতত সেই উত্তর খুঁজতেই নজর দেশের রাজনৈতিক মহলের।