Header AD

‘ভোটের পর গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির মিথ্যাচারের বদলা নেব’, বারাসতের সভায় হুঙ্কার মমতার

cm barasat

“ভোটের পর গনতান্ত্রিক পদ্ধতিতে বদলা আমি নেবই” শুক্রবার বারাসতের কাছারি ময়দান থেকে এভাবেই বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারাসত, মধ‍্যমগ্রাম ও দেগঙ্গা সহ তিন কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে বারাসতের কাছারি ময়দানের জনসভা করেন তিনি। এদিনের জনসভা থেকে মমতা বলেন, “ভোটের আগে বলেছিল সবার অ্যাকাউন্টে ১৫ লাখ করে ঢুকবে, পেয়েছেন? এখন এসেছে মিথ্যে কথার ঝুলি নিয়ে। মিথ্যের ফুলঝুড়ি নিয়ে।” অমিত শাহের উদ্দেশে মমতার কটাক্ষ, “এরা কোকিলের মতো ভোটের সময় আসে, মিথ্যে বলে, ফুরুৎ করে পালিয়ে যায়।”

সভা থেকে মোদীকে নিয়েও আক্রমণ শানান মমতা। তাঁর কথায়, ‘‘সুনার বাংলার ছেলেমেয়েদের ওনার রাজ্যে খুন করছে। অসমে খুন করছে, উত্তরপ্রদেশে খুন করছে, বিহারে খুন করছে, রাজস্থানে খুন করেছে। মিথ্যের ঝুলি নিয়ে ক্ষমতায় এসেছে দাঙ্গাবাজরা। গণতান্ত্রিকভাবে এদের জিত টেনে ছিঁড়ে ফেলা উচিত।”

উল্লেখ্য, ব্রিগেড ময়দানে বিজেপির গীতা পাঠের আসরে এক চিকেন প্যাটিস বিক্রেতার হেনস্থা ঘটনা ঘটে। এদিনের সভা থেকে এই প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, হাওড়াতেও এই ঘটনা ঘটেছে। ভোটের পর এই সকল কিছুর গণতান্ত্রিক পদ্ধতিতে বদলা নেওয়া হবে। যারা মেরেছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এসআইআর-এ নাম কাটা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। ইডি- সিবিআই দিয়ে জোর করে ভোট করালে, গণতন্ত্রের থাপ্পড় মারার কথাও বলেছেন। তাঁর কথায় “জোড়া ফুলে ভোট দিয়ে এর জবাব দিতে হবে। মিথ্যের ফুলঝুরি ওড়াচ্ছে বিজেপি।”

এদিনের সভা থেকে মাছ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘উনি মৎস্য নিয়ে কথা বলছেন। আমাদের রাজ্যে ভেড়িতে ভর্তি। এত বড় মিথ্যে বললেন মোদীবাবু! বিহারে নাকি এত মাছ উৎপাদন হয় যে বাইরে পাঠাতে হয়। বিহারে তো মাছ খেতেই দেওয়া হয় না। তাই বাইরে যায়। আমাদের এখানে কত মাছ উৎপাদন হয়, হিসাব নিয়ে বলব।’ তিনি এরাজ্যে মৎস্য উৎপাদনের হিসাব তুলে ধরে বলেন, তাঁর আমলে এই বাংলায় মাছ উৎপাদন ১ লক্ষ ৭২ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ২৩ লক্ষ্য ৭৪ হাজার মেট্রিক টনে পৌঁছেছে এবং নোনা জলে মাছের উৎপাদন হয়েছে ১ লক্ষ্য ৯৮ হাজার মেট্রিক টন ও তার সঙ্গে মৎস্যজীবীদের টন প্রতি উপার্জন বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, বারাসত ও দেগঙ্গায় এবার প্রার্থী বদল করেছে শাসকদল ৷ বারাসতের তিন বারের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর পরিবর্তে সেখানে এবার টিকিট দেওয়া হয়েছে পোড়খাওয়া রাজনীতিবিদ বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে।