মাঘের শুরুতেই উধাও শীত! ঠাণ্ডার আমেজও প্রায় শেষের পথে। মাঘেই বাড়ল তাপমাত্রা। হাড়কাঁপানো ঠান্ডা আর তেমন নেই। সোমবার কলকাতার তাপমাত্রা রবিবারের থেকে কিছুটা হলেও বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে শহরের পারদ থাকবে ঊর্ধ্বমুখী।
রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা সামান্য বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটিও স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম।
বাংলার সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের সব জেলাতেই সকালের দিকে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। তার ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। তবে কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারেও।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে রাতে দুই থেকে তিন ডিগ্রি পারদ বাড়বে। পরবর্তী চার দিনে তাপমাত্রার সেরকম কোনও হেরফের আর হবে না একই থাকার সম্ভবনা এবং উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ১০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে পারদ। সর্বনিম্ন তাপমাত্রার বিচারে সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম নদিয়ার কল্যাণী (৯.৬ ডিগ্রি সেলসিয়াস)। এ ছাড়া, পানাগড়ে তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে পারদ নেমেছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামেনি। পারদ ঘোরাফেরা করছে ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে। কেবল কলকাতার উপকণ্ঠে সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৪.৩ ডিগ্রি পর্যন্ত।





