দুর্গাপুরে এক ভয়াবহ খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইস্পাত নগরীর একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয়েছে এক মহিলার কঙ্কালসার দেহ। তদন্তে উঠে এসেছে, খুনের পর দেহে নুন মাখিয়ে রাখা হয়েছিল, যাতে পচন ধীরে হয় এবং দুর্গন্ধ বাইরে না ছড়ায়। মৃতার নাম ছবি দাস (৫৫)। তিনি দুর্গাপুরের ইস্পাত হাসপাতালে আয়ার কাজ করতেন। কয়েক দিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পরিত্যক্ত আবাসনের একটি ঘরে ঢুকে কঙ্কালসার দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, ছবির স্বামী প্রদীপ চক্রবর্তীকেই এই খুনের ঘটনায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, নিঃসন্তান এই দম্পতি দীর্ঘদিন ধরেই ওই পরিত্যক্ত আবাসনে থাকতেন। বাইরে থেকে তাঁদের দাম্পত্য জীবনে তেমন কোনও বড় অশান্তির কথা শোনা যায়নি। তবে সম্প্রতি আর্থিক বিষয় নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল বলে দাবি সহকর্মী ও প্রতিবেশীদের।
পুলিশের অনুমান, দেহে নুন ঢেলে রাখা হয়েছিল যাতে দুর্গন্ধ দেরিতে ছড়ায় এবং পরে দেহ অন্যত্র সরিয়ে ফেলার সুযোগ পাওয়া যায়। তবে ঠিক কবে ছবির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পূর্ণ সত্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





