Header AD

‘৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, তাতেও আমরা জিতব!’ মিনাখাঁ থেকে হুঙ্কার মমতার

cm minakhan

৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন। মিনাখাঁর জনসভা থেকে বিজেপিকে নিশানা করে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর থেকে ভিনরাজ্যে বাঙালিদের অত্যাচার, কোটি কোটি টাকা ব্যয়ে বিজেপির নির্বাচনী প্রচারসহ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাড়োয়ার নির্বাচনী জনসভা থেকে তাঁর হুঙ্কার ‘বাংলার মানুষ ক্ষমা করবে না।’পাশাপাশি এদিনের জনসভা থেকে তৃণমূল চতুর্থবার সরকার গঠন করলে সুন্দরবন আলাদা জেলা হবে বলেও ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।

ছাব্বিশের নির্বাচনের (WB Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। রাজ্যজুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাড়োয়ায় নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপিকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। এদিন ফের এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। স্বৈরাচারীর মতো আচরণ করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, “৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ।…আমি সুপ্রিম কোর্টে গিয়েছি বলে ৩২ লক্ষের নাম উঠেছে। নাহলে তাও হত না।” আশ্বাস দিলেন বাকিদের নামও তুলে দেবেন। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বললেন, “জেনে রাখবেন,বিজেপির কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে ভুল করেও দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা সব চলে যাবে। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে। বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে না পারে, তাদের আটকে দাও। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট দেবেন না।”

এদিনের সভা থেকে রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল নেত্রী বলেন, “যুবসাথীদের জীবিকার সন্ধান করে দেব। সব কাঁচা বাড়ি পাকা করে দেব। দুয়ারে স্বাস্থ্য করব। আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। ১০৫টি প্রকল্প আছে। যা বিশ্বের কোথাও নেই।” তিনি বলেন বাংলা এখন মাছ উৎপাদনে সাবলম্বী। প্রসঙ্গত, বৃহস্পতিবার হলদিয়ায় নির্বাচনী প্রচারে এসে বাংলার মাছ চাষ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। মনে করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতেই এদিন বাংলা মাছ উৎপাদনে সাবলম্বী বলে দাবি করেন মমতা।

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন,”আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও। ওরা মহিলা, কৃষক, শ্রমিক বিরোধী, সংখ্যালঘু বিরোধী। গায়ের জোরে বাংলা দখল করতে চায়। “