রবিবারই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে দুফায় ভোট হবে – ২৩ ও ২৯ এপ্রিল। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে কোড অব কন্ডাক্ট। তার ঠিক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুরনো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি মাস থেকেই ডিএ দেওয়া শুরু হচ্ছে।
মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন দুপুর ৩টে ৫ মিনিটে ডিএ সংক্রান্ত ঘোষণার পোস্টটি করেন। তাতে তিনি লিখেছেন, ‘‘আমাদের মা-মাটি-মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত-পুরসভার কর্মী ও পেনশনভোগীকে দেওয়া কথা রেখেছে। তাঁরা রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ থেকেই পেতে শুরু করবেন।’’ রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বকেয়া অর্থপ্রদানের পদ্ধতি ও সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে বলেছিল সুপ্রিম কোর্টই। বলা হয়েছিল, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বাকি অর্থ কী ভাবে মেটানো হবে, তা ঠিক করতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে আদালতই একটি কমিটি গঠন করে দিয়েছিল। কিন্তু রাজ্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে ফের আদালতে আবেদন করে।আদালতের নির্দেশ অনুযায়ী রবিবার ভোটঘোষণার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী।





