Header AD

ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম! লাচেনে আটকে প্রায় ৮০০ পর্যটক, উদ্ধারে সেনা

sikkkim landslides

উত্তর সিকিমের (North Sikkim) লাচেন এলাকায় ভয়াবহ ভূমিধসের জেরে প্রায় ৮০০ পর্যটক আটকে পড়েছেন। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি ও তুষারপাতের কারণে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। সোমবার সকাল থেকেই পর্যটকদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। বরফ কেটে রাস্তা তৈরির পাশাপাশি আটকে পড়া পর্যটকদের নিরাপদে নামিয়ে আনার কাজ চলছে।

জানা গিয়েছে, তারামচু এলাকায় চুংথাং-লাচেন সড়কের একটি বড় অংশ ভূমিধসে ভেঙে পড়ে। কয়েক মাস আগেই নির্মিত রাস্তা ও সেতুর অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি সেতুর একাংশ ভেঙে ঝুলে রয়েছে। ফলে লাচেনের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের পাশাপাশি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে উদ্ধারকাজে অংশ নিয়েছে।

প্রশাসনের নির্দেশে, রবিবার রাতে লাচেনে থাকা পর্যটকদের হোটেল ও হোমস্টেতে অবস্থান করতে বলা হয়। সোমবার সকাল থেকে বিকল্প পথে—লাচেন, ডংকিয়া-লা, লাচুং হয়ে গ্যাংটক—পর্যটকদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে এই অভিযান ব্যাহত হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, রাস্তা দ্রুত মেরামত ও বরফ সরানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। পর্যটক ও স্থানীয়দের শান্ত থাকার পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে। আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি বিবেচনা করেই পর্যটকদের সরানো হবে।

জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে: ৯৯০৭৯৫৬৭০৫ এবং ০৩৫৯২-২৮১০০৭। আপাতত উত্তর সিকিমের এই এলাকায় পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।