প্রথম দফার কর্মসূচির পর ফের রাজপথে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যাচ্ছে, আগামী ২৪ এপ্রিল, শুক্রবার যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে প্রতিবাদ এবং একই সঙ্গে জনসংযোগ- দুই উদ্দেশ্যেই এই কর্মসূচি।
সূত্রের খবর, যাদবপুরের সুলেখা মোড় থেকে শুরু হয়ে মিছিল গড়িয়াহাট পর্যন্ত যাবে। যদিও মিছিলের শেষ পয়েন্টে কিছু পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। এই পদযাত্রায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও কলকাতার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে দাবি, এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে প্রায় ২৭ লক্ষ নাম বিচারাধীন অবস্থাতেও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।এই পরিস্থিতিতে প্রতিবাদ জোরদার করতেই কলকাতার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, তার আগেই আজ বুধবার, পয়লা বৈশাখে উত্তরবঙ্গে দুটি পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি শিলিগুড়ির প্রার্থী গৌতম দেবের সমর্থনে হোটেল হেরিটেজ থেকে হাসমি চক পর্যন্ত। এবং দ্বিতীয় পদযাত্রাটি এদিন করবেন চালসায়। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর সমর্থনে মঙ্গলবাড়ি বাজার থেকে শুরু হয়ে জাতীয় সড়ক ধরে চালসা গোলাই পর্যন্ত এই মিছিল এগোবে।





