মহিলা বিল নিয়ে সংসদে মুখ পুড়েছে কেন্দ্রর। হাওড়ার উলুবেড়িয়ায় সভা থেকে শনিবার এই বিষয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে তিনি আক্রমণ শানিয়ে বলেন, ‘‘মোদির (Narendra Modi) পতন শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে (BJP Government)আমরা লোকসভায় হারিয়েছি। মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা তো নেই। অন্যের সমর্থনে কুর্সিতে বসে আছে। সব যাবে।’’এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি হারবে বলেও মন্তব্য করেন তিনি। সভা থেকে তাঁর হুঙ্কার, ‘‘লোকসভায় পরাস্ত হয়েছ। এ বার বাংলার মাটিতে পরাস্ত হতে হবে। বাংলাই পথ দেখাবে।’’
সভা থেকে কেন্দ্রের মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ওটা মহিলা বিল নয়। ডিলিমিটেশন বিল আনতে চেয়েছিল। দেশ ভাগ করতে চেয়েছিল। পারেনি। মোদিবাবু আমাদের থেকে শিক্ষা নাও, বিল এনে মহিলাদের আসন দিতে হয় না আমাদের। লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদদের সংখ্যা ৩৭ শতাংশ। রাজ্যসভায় ৪৬ শতাংশ। এমন আর কোথাও নেই। বিজেপির শিক্ষা নেওয়া উচিত।”এরপরই তাঁর দাবি, “মহিলা সংরক্ষণের জন্য ৯৮ সাল থেকে আমি লড়ছি।’’
উলুবেড়িয়ায় সভা থেকে দলীয় কর্মীদের ভোট নিয়ে ফের একবার সতর্ক করেন দলনেত্রী। তৃণমূলের কর্মীদের ভোটের মেশিন ভাল করে পরীক্ষা করে দেখার বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘সব বোতাম টিপে পরীক্ষা করে দেখবেন, ঠিক জায়গায় ভোট পড়ছে কি না। কোনও মেশিন খারাপ হলে তাতে ভোট করতে দেবেন না। যত ক্ষণ না নতুন মেশিন আনা হচ্ছে। না হলে চিপ ঢুকিয়ে দেবে। নিজের ভোট নিজে দেবেন।’’ ৪ মে ভোটগণনা হবে। সে দিন কী করতে হবে, দলের কর্মীদের তা নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা। বলেছেন, ‘‘ইভিএম মেশিন ১ থেকে ১০০০ গুনতে হবে। মেশিনের প্রতিটি বোতাম টিপে দেখতে হবে সেই ভোট সেখানে পড়ছে কি না। ভিভিপ্যাট ছাড়়া ইভিএম মেশিন পরীক্ষা করা যাবে না। ভোটের দিন ওরা বদমায়েশি করে মেশিন খারাপ করে দেবে। যত ক্ষণ নতুন মেশিন না-আনা হচ্ছে, তাতে ভোট করতে দেবেন না। এর পরেই গণনা প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ভোট থেকে গণনা, ওরা স্লো পোলিং করবে। স্লো কাউন্টিং করবে। প্রথমেই ওরা রটিয়ে দেবে তৃণমূল হারছে। কিন্তু সূর্যোদয় বিজেপি দিয়ে হলে সূর্যাস্ত করবে তৃণমূল। শেষে দেখবেন তৃণমূলই জিতেছে। আমরা আগের চেয়ে বেশি আসনে জিতব।’’
পশ্চিমবঙ্গে ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা প্রসঙ্গে এদিন সভা থেকে সরব হন মমতা। তিনি বলেন, ‘‘বিজেপির বাড়িতে, কংগ্রেসের বাড়িতে, সিপিএমের বাড়িতে তো হানা দেওয়া হয় না। যত দোষ তৃণমূলের। আমি বিশ্বাস করি আমার দলের লোকেরা টাকার কাছে মাথা নত করে না। লড়াই করে। এটা আমাদের বদলার লড়াই। আমি যদি যোদ্ধা হই, মা-বোনেরা আমার সহযোদ্ধা।’’একই সঙ্গে বিজেপি কর্মীদের মমতার হুঁশিয়ারি, ‘‘বিজেপির কাজ করতে যারা এসেছে, তাদের বলে রাখছি। বিজেপি কাল থাকবে না। মানুষ বদলা নেবে।’’




