Header AD

দুর্গাপুরে বিপুল নগদ উদ্ধার! গ্রেপ্তার দুই যুবক, ভোটের আগে বাড়ছে নজরদারি

Cash recovered

রাজ্যে প্রথম দফার ভোটের আগে (ElectionInBengal) রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হল দুর্গাপুরে। শুক্রবার রাতে দুর্গাপুর রেল স্টেশন (Durgapur Railway station) থেকে প্রায় ৫০ লক্ষ টাকা-সহ দুই যুবককে গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপনকুমার মিত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা বিহার থেকে ট্রেনে এসে দুর্গাপুরে নামেন এবং সেখান থেকে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা ছিল। তাঁদের সঙ্গে থাকা একটি বড় ব্যাগ দেখে সন্দেহ হয় রেল পুলিশের। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় ব্যাগ তল্লাশি করা হয়। তাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট, যার মোট পরিমাণ ৫০ লক্ষ টাকা। টাকার কোনও বৈধ নথি না থাকায় তা বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার তাঁদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাইরে থেকে টাকা এনে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসব ভিত্তিহীন কথা।

উল্লেখ্য, শুধু দুর্গাপুর নয়—রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশিতে নগদ উদ্ধারের ঘটনা সামনে আসছে। কলকাতার বালিগঞ্জে ২৫ লক্ষ টাকা, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ৪ লক্ষ টাকা এবং খানাকুল এলাকায় ৮০ হাজার টাকা উদ্ধার হয়েছে। নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যেই নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।