Header AD

বুথ ঘিরে ১০০ মিটারের ‘লক্ষ্মণরেখা’! অভিনব সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

100 meter lakshmanrekha

প্রথম দফার বিধানসভা ভোটকে (Election In Bengal) সামনে রেখে রাজ্যে জোরদার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ECI)। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে এবার প্রতিটি পোলিং বুথের চারপাশে ১০০ মিটার ব্যাসার্ধে সাদা চক দিয়ে একটি নির্দিষ্ট সীমানা চিহ্নিত করা হবে, যাকে ‘লক্ষ্মণরেখা’ বলা হচ্ছে। এই সীমার মধ্যে শুধুমাত্র ভোটারদেরই প্রবেশের অনুমতি থাকবে। বুথের বাইরে অবস্থান করবেন বুথ লেভেল অফিসার (BLO) ও অন্যান্য সরকারি কর্মীরা, যেখানে প্রাথমিক নথি যাচাই করা হবে।

এর পাশাপাশি বুথের ভেতরে থাকবে আরও একটি নিরাপত্তা বলয়, যেখানে দু’টি আলাদা টেবিলে ভোটারদের পরিচয়পত্র যাচাই করা হবে। ভুয়ো ভোট রুখতেই এই বহুমাত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ভোটার স্লিপ বিতরণ নিয়েও নতুন নির্দেশ জারি করেছে কমিশন। বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে স্লিপ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যদি কোনও ভোটার স্লিপ না পান, তার বিস্তারিত তথ্য প্রিসাইডিং অফিসারকে নথিভুক্ত করতে হবে। এমনকি কেন ওই ভোটার স্লিপ পাননি, তাও উল্লেখ করতে হবে।

ভোটের দিন যদি কোনও ভোটার স্লিপ না পেয়েও কেন্দ্রে আসেন, তবে তার অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে। তবে চূড়ান্তভাবে ভোটদানের ক্ষেত্রে ভোটার তালিকার সঙ্গে নাম ও ছবি মিলিয়ে অনুমতি দেওয়া হবে। এদিকে, ভোটের দিন আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়াল (Manoj Agarwal)। ভার্চুয়াল বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট থানার ওসি-দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, এমনকি সাসপেনশনও হতে পারে।