কলকাতার ইকো পার্ক থানার (eco park police station) এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। শুক্রবার ভোরে সিটিসেন্টার-২ (city centre 2) সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক একটি গাড়িকে আটকানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির চালক ছিলেন ঠাকুর সুরজি অভেসাং নামে এক ব্যক্তি। গাড়িটি থামিয়ে নিয়ম অনুযায়ী তল্লাশি চালানো হলে ডিকির ভেতর কম্বলে মোড়া অবস্থায় নোটের বান্ডিল উদ্ধার হয়। কম্বলের মধ্যে থরে থরে সাজানো ছিল প্রায় ২৫ লক্ষ টাকা।
ঘটনার পর চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ (police Kolkata)। তবে টাকার উৎস সম্পর্কে তিনি সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি এবং বৈধ কাগজপত্রও দেখাতে ব্যর্থ হন। সেই কারণে নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ বর্তমানে তদন্ত চালিয়ে দেখছে, এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এসেছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনও বেআইনি কার্যকলাপ জড়িত কি না।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন এলাকায় নিয়মিত নাকা চেকিং (naka checking) চালানো হচ্ছে, যাতে অবৈধ টাকা বা অস্ত্র পরিবহণ রোধ করা যায়। এই অভিযানের মধ্যেই কলকাতায় এই বড় অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা ঘটল।





