Header AD

আর জি করে লিফট দুর্ঘটনায়  মৃত্যুতে লিফটম্যান-সহ গ্রেপ্তার ৫, তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ

R G Kar Incident

কলকাতার আর জি কর হাসপাতালে (RG Kar Incident) ভয়াবহ লিফট দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গাফিলতির অভিযোগে লিফটম্যান ও নিরাপত্তারক্ষী মিলিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে টালা থানার (Tala Police Station) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা অমল বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে এই গ্রেপ্তারি হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫/৩(৫) ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের শনিবার শিয়ালদহ আদালতে পেশ করা হবে।

গ্রেপ্তার হওয়া তিন লিফটম্যান হলেন মিলনকুমার দাস, বিশ্বনাথ দাস ও মানসকুমার গুহ। এছাড়া দুই নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাসকেও আটক করা হয়েছে। ঘটনার সময় তারা কেন দায়িত্বস্থলে ছিলেন না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগের (Lalbazar Detective Department) হোমিসাইড শাখা।

ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে। জানা গেছে, দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালের পাঁচতলার ট্রমা কেয়ার সেন্টারে যাচ্ছিলেন। সেই সময় লিফট আচমকা বিকল হয়ে ঝাঁকুনি দিয়ে নীচে নেমে যায়। পরে লিফট খুলে অরূপকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন, যদিও তাঁর স্ত্রী ও সন্তান অক্ষত রয়েছেন।

ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, অরূপের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।