Header AD
Trending

প্রধানমন্ত্রীর নামাঙ্কিত প্রকল্পে ঋণের নামে প্রতারণা! ভিনরাজ্যের ৫ জন গ্রেপ্তার যাদবপুরে

dgital

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামাঙ্কিত প্রকল্পে ঋণের টোপ দিয়ে জালিয়াতির অভিযোগে ভিনরাজ্যের ৫ জনকে গ্রেপ্তার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিতাইনগরের এক আবাসন থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের আজ, শনিবার  আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমিত খান, রথিন সিডি, মহম্মদ নাজিমউদ্দিন সিদ্দিকি, বিশাল সিন্ধে ও মধুসূদন এইচআর। ধৃতদের মধ্যে একমাত্র অমিত ছাড়া বাকি সকলেই কর্নাটকের বাসিন্দা। অমিতের বাড়ি বিহারে। তবে এরা প্রত্যেকেই পূর্ব যাদবপুর থানা এলাকায় কিছুদিন ধরে ছিলেন। ধৃতদের কাছ থেকে আটটি স্মার্ট ফোন ও ৬টি কিপ্যাড ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তরা ছোট ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি পূর্ব যাদবপুর থানায় একটি ঋণের নামে প্রতারণা করা হয়েছে বলে এক ঋণ সহায়তাকারী চক্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাকি ধৃতদের খোঁজ পান তদন্তকারীরা। তারপরই শুক্রবার রাতে অভিযান চালায় পূর্ব যাদবপুর থানার পুলিশ। নিতাইনগরের একটি আবাসনের তৃতীয় তলার ঘর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা যুক্ত করে তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।