Header AD

৫০০ তৃণমূলকর্মী গ্রেপ্তার! মেদিনীপুরে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

ec shashi

আদর্শ নির্বাচনী বিধি জারি হওয়ার পর থেকেই একের পর এক পুলিশ আধিকারিকের বদলি করেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। অভিযোগ উঠেছে, নিজেদের পছন্দ অনুযায়ী আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আগেও একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এবার সেই তৃণমূলই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের কাছে অভিযোগ জানিয়েছে। দলীয় নেতাদের দাবি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে। এই অভিযোগ তুলেছেন শশী পাঁজা, রাজীব কুমার এবং শুভাশিস চক্রবর্তী।

শশী পাঁজার কথায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কর্মীদের হেনস্থা ও হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, এই বিষয়ে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জমা পড়া অভিযোগগুলিতে পুলিশের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।

তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তীর অভিযোগ, মেদিনীপুরে এখনও পর্যন্ত অন্তত ৫০০ তৃণমূল কর্মী পুলিশের জালে আটকে রয়েছেন এবং পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। একই সুর শোনা গিয়েছে প্রাক্তন নগরপাল ও বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের বক্তব্যেও। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।