নৈহাটির বড়মাকে দর্শন করার জন্য আর লম্বা লাইনে দঁড়াতে হবে না। বড় সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। তবে এই নতুন সকলের জন্য নয়। উত্তর ২৪ পরগনার নৈহাটি-র বিখ্যাত বড়মা মন্দির-এ প্রতিদিনই ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ বড়মার দর্শন ও পুজো দিতে আসেন। বিশেষ তিথি, অমাবস্যা বা পুজোর দিনগুলিতে সেই সংখ্যা কয়েকগুণ বেড়ে লক্ষাধিকেও পৌঁছে যায়। নতুন মন্দির নির্মাণের পর ভক্তসমাগম আরও বৃদ্ধি পেয়েছে।
এই বাড়তে থাকা ভিড় নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিল। মন্দিরের একেবারে কাছে বসবাস করলেও পুজো দিতে গিয়ে এলাকার মানুষকেও সাধারণ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হত। ভিড় এড়াতে স্থানীয়দের জন্য আলাদা ব্যবস্থার দাবি বারবার উঠছিল।
অবশেষে সেই দাবিতে সাড়া দিল নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্ট। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে নৈহাটিবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ প্রবেশপথ। সচিত্র পরিচয়পত্র দেখালে স্থানীয়রা সাধারণ লাইনে না দাঁড়িয়ে নির্দিষ্ট গেট দিয়ে সরাসরি দেবী দর্শন করতে পারবেন।
তবে এই সুবিধা শুধুমাত্র নৈহাটির বাসিন্দাদের জন্যই প্রযোজ্য। ৭৪৩১৬৫ ও ৭৪৩১৬৬—এই দুই পিন কোডের আওতায় যাঁদের বাড়ি, তাঁরাই বিশেষ গেট ব্যবহার করতে পারবেন। বাড়িতে অতিথি এলে বা বাইরের কাউকে সঙ্গে নিয়ে ওই গেট দিয়ে প্রবেশের অনুমতি থাকবে না।
উল্লেখ্য, ভক্তদের বিশ্বাস—বড়মা কাউকে খালি হাতে ফেরান না। মনোবাসনা পূরণের আশাতেই বছরের পর বছর অসংখ্য মানুষ এখানে ভিড় জমান। এবার থেকে অন্তত স্থানীয়দের জন্য দর্শনের পথ কিছুটা সহজ হল বলাই যায়।





