Header AD
Trending

আলমারিতে ঠাসা নগদ, ট্রলিব্যাগ ভরা টাকার পাহাড় ! ওড়িশায় ঘুষ-কাণ্ডে ধৃত খনি আধিকারিক

ওড়িশায় (Odisha) দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল রাজ্য ভিজিল্যান্স দপ্তর । ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে খনি বিভাগের এক শীর্ষ আধিকারিককে। ধৃতের নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে আসছিল বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে। তাঁর ভুবনেশ্বরের ফ্ল্যাটে ভিজিল্যান্স তল্লাশি চালিয়ে নগদ ৪ কোটি টাকা ও সোনার গয়না উদ্ধার করেছে।

অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে ওড়িশা ভিজিল্যান্স দপ্তর। মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন ভিজিল্যান্স আধিকারিকেরা। জানা যায়, সংশ্লিষ্ট ব্যবসায়ীকে খনন সংক্রান্ত কাজে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই এই টাকা নেওয়া হচ্ছিল। এরপরই দেবব্রত মোহান্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরপরই অভিযুক্ত আধিকারিকের তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান শুরু হয়। ভিজিল্যান্স আধিকারিকেরা তল্লাশি চালান ভুবনেশ্বর-এ তাঁর ফ্ল্যাটে, ভদ্রক-এ পৈতৃক বাড়িতে এবং কটক-এ তাঁর চেম্বারে। তদন্তকারীদের দাবি, ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশির সময় আলমারির ভেতর ও একটি ট্রলিব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।

প্রাথমিক হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবে তল্লাশি চলাকালীন আরও নগদ অর্থ লুকনো থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। নগদের পাশাপাশি প্রায় ১৩০ গ্রাম সোনার গয়নাও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া টাকার উৎস ও সম্পদের প্রকৃত হিসেব জানতে শুরু হয়েছে বিস্তারিত আর্থিক তদন্ত।

ভিজিল্যান্স সূত্রে জানানো হয়েছে, দেবব্রত মোহান্তির বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাঁর আয়-ব্যয়ের সঙ্গে উদ্ধার হওয়া নগদ ও সোনার সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করা হবে। প্রয়োজনে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্তের আওতায় আনা হবে। ওড়িশায় এই ঘুষ-কাণ্ড ঘিরে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।