আসানসোল আদালতের পর এবার রাজ্যেজুড়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে বোমাতঙ্ক! পোস্ট ও পাসপোর্ট অফিসগুলিতে রাখা আছে আরডিএক্স। সঙ্গে রাখা সায়ানাইড! দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে সেইগুলি ব্লাস্ট হবে! হুমকি ইমেল কলকাতা-সহ রাজ্যের একাধিক অফিসে। এই ইমেল পাওয়ার পরই সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় অফিসগুলি। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে কর্মী ও কাজের জন্য আসা সাধারণ মানুষের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বোম্ব স্কোয়াড। চলছে তল্লাশি।
কলকাতার পাশাপাশি উত্তরের রায়গঞ্জ, বালুরঘাট থেকে পশ্চিমের কাঁথি, কাটোয়া, নদিয়া থেকে হাওড়া, আসানসোল থেকে কোচবিহারের একাধিক জায়গার পোস্ট ও পাসপোর্ট অফিসে বিস্ফোরক রাখার হুমকি বার্তা আসে। কলকাতায় লালবাজারের পিছনে পাসপোর্টের রিজিওনাল অফিসেও হুমকি ইমেল আসে বলে খবর। বারাকপুরে হেডপোস্ট অফিসেও বোমাতঙ্ক ছড়ায়। ইমেলে লেখা হয় সায়ানাইড ও আরডিএক্স রাখা আছে! এরপরই তীব্র আতঙ্ক ছড়ায় উপস্থিত কর্মী, সাধারণ মানুষের মধ্যে। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় অফিসগুলি। খবর যায় পুলিশ ও বোম্ব স্কোয়াডে। জানা গিয়েছে, অফিসগুলিতে তল্লাশি শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই সপ্তাহের গোড়ায় রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক ছড়ায়। সেবারও আরডিএক্স রাখা রয়েছে বলে হুমকি ইমেল আসে। তল্লাশি করে পুলিশ ও বোম্ব স্কোয়াড। কিন্তু কিছু পাওয়া যায়নি। কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে নবান্নে উচ্চপর্যায়ে বৈঠক হয়। পুলিশ জানায়, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতি ও সাধারণের নিরাপত্তা সুরক্ষিত রাখতে তারা বদ্ধপরিকর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের পাসপোর্ট ও পোস্ট অফিসগুলিতে বোমাতঙ্ক।





