Header AD
Trending

মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগদান স্বপ্না বর্মণের

খেলার মাঠ থেকে এবার সরাসরি রাজনীতির অঙ্গনে পা রাখলেন এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জলপাইগুড়ির এই ক্রীড়াবিদ। তৃণমূলের অংশগ্রহণ করেই জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে আমি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। উনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন তা অন্য কোথাও সম্ভব না। ওনার উন্নয়ন কর্মকাণ্ডের শরিক হতে চেয়েছি।”

শুক্রবার সকালে তৃণমূল ভবনে পৌঁছন অ্যাথলিট স্বপ্না বর্মণ। সেখানেই দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন তিনি। গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য-এর হাত থেকে দলের পতাকা তুলে নেন স্বপ্না। দলে যোগ দেওয়ার পরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হন। রাজ্যের উন্নয়ন ও ক্রীড়াবিদদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে স্বপ্না জানান, “মমতা বন্দ্য়োপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি প্রতিদিন অনুপ্রাণিত হই। গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বাংলাকে উনি যে স্থানে নিয়ে গিয়েছেন, তা অন্য রাজ্যে হয়নি। ভাবাও যায় না। ওনার কাজ দেখে অনুপ্রাণিত হয়েই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তৃণমূলে স্বপ্নার যোগ দেওয়ার পর ‘চক দে ইন্ডিয়া’ ও ‘দঙ্গল’ সিনেমার প্রসঙ্গ তুলে ধরে বিজেপিকে বিঁধেছেন ব্রাত্য বসু। মহিলা কুস্তীগিরদের উপর হওয়া নির্যাতনের অভিযোগ ফের সামনে এনেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। স্বপ্না আজ স্বপ্নের দৌড়ে সামিল হলেন বলেও জানান ব্রাত্য। কীভাবে লড়াই করে নিজের কেরিয়ার গড়েছেন স্বপ্না সে প্রসঙ্গ তুলে ধরেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।

বিগত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন স্বপ্না বর্মণ। এর আগে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করতে পারে বলে খবর রটেছিল। স্বপ্না বর্মণ ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। পীঠে ব্যথার কারণে তারপরই তিনি অ্যাথলেটিক্সের ট্র্যাক ছাড়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে স্বপ্না নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী। চলতি বছরের জানুয়ারি মাসে শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি অর্জুন পুরষ্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মণকে সংবর্ধনা দিয়েছিলেন। মঞ্চেই তাঁদের কিছুক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। অনুষ্ঠান শেষে সেই সময়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বপ্না বর্মণ বলেছিলন, মুখ্যমন্ত্রী তাঁকে আশীর্বাদ করেছেন এবং সমাজের কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন। তারপর থেকেই জল্পনা ছিল তিনি রাজনীতিতে নাম লেখাবেন। আপাতত সেই জল্পনাই বাস্তবে রূপান্তরিত হল।

বলাই যায়, রাজবংশী সম্প্রদায়ের স্বপ্নাকে দলে নিয়ে এসে বড় চমক দিল তৃনমূল।