Header AD
Trending

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে অপপ্রচার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী  রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) ঘিরে কোনও মানহানিকর মন্তব্য বা অযথা সংবাদ প্রচার করা যাবে না, এমনই স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও জানান, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিত্তিহীন বা অবমাননাকর প্রচার থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নাম টেনে সংবাদমাধ্যমে প্রচার চালানো যাবে না। আদালতের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। ওই দিন মামলার বিস্তারিত শুনানি নির্ধারিত রয়েছে।

রুজিরার অভিযোগ ছিল, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও মহল ইচ্ছাকৃতভাবে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার চালাচ্ছেন। সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হন। এর আগেও এই মামলার প্রেক্ষিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে (ED) তদন্ত সংক্রান্ত তথ্য আগেভাগে সংবাদমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি সংবাদমাধ্যমকেও সতর্ক করা হয়েছিল যাতে অকারণে রুজিরার নাম ব্যবহার না করা হয়।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে ইডি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরাও দেন। এরপর বিষয়টি নিয়ে বিরোধী মহলের সমালোচনা ও মন্তব্য শুরু হয়। সেই প্রেক্ষিতেই মানহানির অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন তিনি।