দোল উপলক্ষে আগামী ৩ মার্চ, মঙ্গলবার কলকাতা মেট্রোর পরিষেবায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। সকালে কোনও লাইনেই মেট্রো চলবে না বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। এদিন উত্তর-দক্ষিণ শাখা অর্থাৎ ব্লু লাইনে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টার পর। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল করা হচ্ছে না।
গ্রিন লাইনেও দোলের দিন দুপুরের আগে মেট্রো চলবে না। দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম পরিষেবা শুরু হবে দুপুর ২টার পর। যদিও সঠিক সময় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। পরবর্তীতে বিস্তারিত সূচি জানানো হবে বলে সূত্রের খবর। এখানেও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।গত বছর দোলের দিন অরেঞ্জ ও পার্পেল লাইনে পরিষেবা বন্ধ ছিল। এ বছরও এই দুই লাইনে মেট্রো চলার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে।
দোলের পরের দিন, অর্থাৎ হোলির দিন মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন হবে কি না, তা এখনও জানানো হয়নি। প্রাথমিক সূত্রের খবর, সেদিন পরিষেবার সূচিতে বড়সড় বদলের সম্ভাবনা কম।
অতএব গত বছরের মতো এ বছরও দোলের সকালে কোথাও যাওয়ার জন্য মেট্রোর বদলে শহরবাসীকে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে হবে। দুপুরের পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে মেট্রো পরিষেবা।





