Header AD
Trending

আলিপুরদুয়ারে ভয়াবহ পথ দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি চার চা শ্রমিক

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন চা বাগানের শ্রমিক। এই ঘটনায় আরও তিনজন গুরুতরভাবে জখম হয়েছেন। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহত শ্রমিকরা সকলেই আলিপুরদুয়ার এলাকার বাসিন্দা। আগে তাঁরা ভার্নাবাড়ি চা বাগানে কাজ করতেন। সেই বাগান বন্ধ হয়ে যাওয়ার পর পাশের একটি চা বাগানে নতুন করে কাজ পান। প্রতিদিনের মতো এদিনও ভোরে সাইকেল নিয়ে তাঁরা কাজে রওনা দিয়েছিলেন।হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁদের সাইকেলের পিছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। ধাক্কার জেরে শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন এবং গাড়ির চাকা তাদের পিষে দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে লতাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।