রাজ্যে বিধানসভা নির্বাচনের আর প্রায় এক মাস বাকি। তার আগেই রাজ্য পুলিশের শীর্ষস্তরে একদফা বড়সড় রদবদল করা হয়েছে। শনিবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৩টি গুরুত্বপূর্ণ পদে পুলিশকর্তাদের বদলি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি পদে কর্মরত কে. সাবিররাজ কুমারকে সিআইডির ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, ওই পদে থাকা গৌরব লালকে আনা হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি পদে। ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি পদে থাকা অশোককুমার প্রসাদকে বদলি করে সাইবার সেলের এডিজি করা হয়েছে। তাঁর জায়গায় ওয়েস্টার্ন জোনের দায়িত্ব পেয়েছেন বিশাল গর্গ। পাশাপাশি, আইজিপি ট্রাফিক পদে থাকা সুখেশকুমার জৈনকে নর্থ বেঙ্গলের আইজি করা হয়েছে।
এছাড়াও রেঞ্জ পর্যায়েও একাধিক বদল আনা হয়েছে। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজাকে জলপাইগুড়ি রেঞ্জে পাঠানো হয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে দায়িত্ব দেওয়া হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জে। আর জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি নিম্বালকার সন্তোষ উত্তমরাওকে পাঠানো হয়েছে রায়গঞ্জ রেঞ্জে।
সরকারি সূত্রের দাবি, এটি সম্পূর্ণ রুটিন বদলি। তবে হাওড়ার প্রোমোটার খুনের ঘটনার তদন্তভার সম্প্রতি সিআইডির হাতে যাওয়ার পর সিআইডির ডিআইজি পদে এই পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও শুধু একটি পদ নয়, একাধিক গুরুত্বপূর্ণ পদেই এই রদবদল হয়েছে বলে জানানো হয়েছে।




