Header AD

গ্রিন লাইনে নতুন শঙ্কা! সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের বাইরে চাঙড় খসে আতঙ্ক

মেট্রোর (Kolkata Metro)সমস্যার যেন শেষ নেই। এতদিন মূলত ব্লু লাইনে একাধিক ত্রুটি সামনে এসেছিল। এবার উদ্বেগ ছড়াল গ্রিন লাইন নিয়েও। সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন (Central Park Metro Station)-এর বাইরে হঠাৎই কংক্রিটের চাঙড় খসে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নতুন নির্মিত স্টেশনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সপ্তাহের শুরুতেই সোমবার সকালে অফিসযাত্রীদের ভিড়ের সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, স্টেশনের নীচের অংশ থেকে কংক্রিটের টুকরো রাস্তার উপর পড়ে। কিছু জায়গায় সিমেন্টের আবরণও উঠে যেতে দেখা যায়। ব্যস্ত সড়কে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে।

মেট্রো রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে আধিকারিক ও ইঞ্জিনিয়াররা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। কী কারণে এই চাঙড় খসে পড়ল, নির্মাণসামগ্রীর মানে কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনে (Kavi Subhash Metro Station)পিলারে ফাটল ধরা পড়ে। পরে জানা যায়, একাধিক স্তম্ভে চিড় রয়েছে। নিরাপত্তার স্বার্থে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় এবং নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ব্লু লাইনে পরিষেবা দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে শহিদ ক্ষুদিরাম (Shahid Khudiram)পর্যন্ত সীমাবদ্ধ।

এই পরিস্থিতিতে গ্রিন লাইনের নতুন স্টেশনে এমন ঘটনা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে। তবে পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। তবু যাত্রীদের মনে প্রশ্ন—নিরাপত্তা নিয়ে কি আবারও বড় সংকেত মিলছে?