দোল উৎসবের দিন গঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা। উত্তর কলকাতার শোভাবাজার ঘাটে এক ব্যক্তি নদীতে তলিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্নান করতে নেমেছিলেন তিনি। সেই সময় আচমকাই প্রবল স্রোতে ভেসে গিয়ে জলে ডুবে যান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে উত্তর কলকাতার শোভাবাজার ঘাটে গঙ্গাস্নান করতে গিয়েছিলেন ৫২বছর বয়সি সমীর মাইতি। তাঁর বাড়ি মধ্যমগ্রামে। স্থানীয়দের বক্তব্য, স্নান করতে নামার কিছু সময়ের মধ্যেই প্রবল স্রোতে ভেসে গিয়ে জলের নীচে তলিয়ে যান তিনি। ঘটনাটি নজরে আসতেই স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। নদীতে নেমে তল্লাশি চালিয়ে সমীরকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহায়তা করেন।অচৈতন্য অবস্থায় তাঁকে দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নর্থ পোর্ট থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে পুলিশের অনুমান।




